নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় আব্দুর রশিদ শেখ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
নিহত আব্দুর রশিদ শেখ বনপাড়া এলাকার মৃত রইজ উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিলেন আব্দুর রশিদ। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।