নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অধীন এক সহকারী কর্মকর্তা (সিএইও) সেরাজুল ইসলামের বাসভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাত দলের সদস্যরা বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সেরাজুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী কর্মকর্তা সেরাজুল ইসলাম বলেন, গভীর রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ডাকাতেরা বাসায় ঢুকে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ফেলে। এরপর আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে প্রায় ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন নিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘উপজেলা পরিষদের ভেতরে ঢুকে এমন ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
কোয়ার্টারে বসবাসকারী অন্য কর্মকর্তারাও ঘটনাটিকে আইনশৃঙ্খলার চরম অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এর আগে সম্প্রতি একই এলাকায় আরেক ব্যবসায়ীর বাসায় একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।