হোম > সারা দেশ > নাটোর

অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের শিমুলতলা পুলিশ চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত শহিদুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে লালপুর থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলেন আব্দুল্লাহ। শিমুলতলা পুলিশ চেকপোস্টের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।