নরসিংদীর মাধবদীতে ঘরে উঁকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাকির (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাকির নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাসুড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার দড়ি গাজীরগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির প্রতিদিন সকাল ৭টার দিকে কাজের উদ্দেশ্যে অন্য গ্রামে যেতেন। কাজ শেষে রাত ১২টা থেকে ১টার দিকে বাড়ি ফিরতেন। গতকাল রোববার রাতে বাড়ি ফেরার পথে তিনি একটি পরিবারের ঘরের দিকে উঁকি দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবারের জামাল ও পরিবারের অন্য সদস্যরা জাকিরকে ধরে মারধর শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই পরিবারের সদস্যদের সঙ্গে জাকিরের আগে থেকেই বিরোধ ছিল। তাঁরা জাকিরকে পছন্দ করতেন না এবং বিভিন্ন সময় তাঁকে হয়রানি করার চেষ্টা করতেন বলেও অভিযোগ রয়েছে।
পরে জাকিরের মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে তাঁর মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
ঘটনার পর অভিযুক্ত পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্তমানে ওই বাড়িতে শুধু নারী সদস্যরা রয়েছেন বলে জানা গেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের নজরে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে একজনকে আটক করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, নিহত জাকিরকে কেন এবং কীভাবে মারধর করা হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।