হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

আজ সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ছবি: সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নুর উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং অটোরিকশাচালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।