হোম > সারা দেশ > নরসিংদী

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিজ এবং আসাদ উল ব্যাপারীর ছেলে স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।’