নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবৈধ সংযোগের কারণে গত ৫ বছরে রাষ্ট্রের প্রায় দেড় কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্মকর্তা।
আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার অভিযোগে তিন বাড়ির মালিককে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এফএম নাঈম হাসান শুভ। অভিযানে তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ টাকা, রোশন আক্তারকে ৪০ হাজার টাকা এবং মো. মুসলেম মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমার্জেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুট মিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি সংযোগের লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
আহম্মদ উল্লাহ আরও জানান, এসব বাড়ির মালিক কোনো ধরনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে গোপনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় পাঁচ বছর ধরে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস-সংযোগ নিরুৎসাহিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।