হোম > সারা দেশ > নরসিংদী

শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

শামসুর রাহমান। ছবি: সংগৃহীত

‘মেঘনা নদী দেব পাড়ি কল ওয়ালা এক নাইয়ে’—কালের সাক্ষী হয়ে থাকা কালজয়ী এই পঙ্‌ক্তির রচয়িতা, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই কবি। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকায় জন্ম নেওয়া শামসুর রাহমানের পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি নরসিংদীর রায়পুরায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নাগরিক জীবনের টানাপোড়েন, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ তাঁর কবিতা বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ‘আসাদের শার্ট’, ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’র মতো বহু অমর কবিতা আজও বাঙালির জাতীয় চেতনায় জাগ্রত।

দীর্ঘ সাহিত্যজীবনে ষাটের বেশি কাব্যগ্রন্থের পাশাপাশি উপন্যাস, গল্প, ছড়া, শিশুসাহিত্য, প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন তিনি। তাঁর লেখনীতে একাধারে প্রেম, মানবতাবাদ ও নগরজীবনের একাকিত্ব যেমন ফুটে উঠেছে, তেমনই সোচ্চার হয়েছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও রাজনৈতিক প্রতিবাদ।

সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি শামসুর রাহমান বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

মৃত্যুর দুই দশক অতিক্রম করলেও কবির সৃষ্টি আজও নতুন প্রজন্মকে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে। মহাকালের আবর্তে কবি বিদায় নিলেও তাঁর অবিনশ্বর সাহিত্যকর্মের মাধ্যমে তিনি অমর হয়ে আছেন কোটি পাঠকের হৃদয়ে।