নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। নদীতে প্রবল স্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আগামীকাল শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলো গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনজন পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে স্বজন সৌরভও পানিতে তলিয়ে যান।
স্থানীয়রা নদীতে নেমে চারজনকে উদ্ধারের চেষ্টা করলেও কারও সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালান।
সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চারজনের কোনো সন্ধান না পাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে আবার উদ্ধার অভিযান শুরু করবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চারজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সকালে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।