নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন।
আজ শুক্রবার ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল পেশায় রাজমিস্ত্রি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আব্দুল বাছেদ ও তাঁর ছেলে শাকিল একই কক্ষে ঘুমিয়েছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে শাকিলকে তাঁর বাবাকে ছুরিকাঘাত করতে দেখেন। তাঁরা বাধা দিতে গেলে শাকিল তাঁর মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ছুরিকাঘাতে গুরুতর আহত আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান। আহত মা ও ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যার কারণ জানার পাশাপাশি অভিযুক্ত শাকিলকে আটকের চেষ্টা চলছে।’