হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৫

নরসিংদী প্রতিনিধি

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর শিবপুরে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা হলেন—সৌরভ (২৭), জান্নাতুল (৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-কটিয়াদী সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিমেন্টবাহী ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে মনোহরদী হয়ে ইটাখোলার দিকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ছয় যাত্রীর মধ্যে মিনারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা এবং নিহত নারীর মরদেহ উদ্ধার করে।