হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তা: গ্রেপ্তার মার্জিয়ার হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মার্জিয়া আক্তার ওরফে শিলা (৬০) জামিন পেয়েছেন।

আজ মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দেন।

আদালত বলেন, কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক দৃষ্টিকটু। 

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম। 

আদেশের পর আইনজীবী কামাল হোসেন বলেন, ‘আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, গুলশান–বনানীর মতো এলাকায়ও কোনো মেয়ে এ ধরনের পোশাক পরে রাস্তায় বের হয় না। সেখানে গ্রামের মতো একটি জায়গায় পাবলিক প্লেসে এ রকম পোশাক পরা স্বাধীনতা হতে পারে না। যেমন খুশি তেমন পোশাকের নামে আমাদের সোসাইটির কালচারকে ধ্বংস করতে পারে না। ওই মেয়ে যে ধরনের পোশাক পরিহিত ছিল সেটা আমাদের দেশের সামাজিক অবস্থার সঙ্গে বেমানান। যে কারণেই প্রতিবাদের শিকার হয়েছিল।’

কামাল হোসেন আরও বলেন, ‘মায়ের বয়সী একজন নারী যে প্রতিবাদ করেছে এটা কোনোভাবেই নারী শিশু নির্যাতন আইনের ১০ ধারায় যায় না। কেননা ১০ ধারায় বলা আছে, যৌন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কোনো নারীকে হেনস্তা করা হয়। ৬০ বছর বয়সী একজন নারীর পক্ষে কীভাবে ২২ বছর বয়সী মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে এটা বোধগম্য নয়। আর ভিকটিম নিজে মামলা করেননি, ২২ ধারায় জবানবন্দি দেননি। তার বন্ধুরা মামলা করেনি। স্টেশন মাস্টারও মামলা করেনি। এটা পরিকল্পিতভাবে পুলিশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মামলা করার জন্য। আর যে আইনে মামলা হওয়ার কথা, সেটাও হয়নি। এই মামলা অবান্তর, অযাচিত।’

গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স প্যান্ট ও স্লিভলেস টপস। পোশাকের কারণে ওই তরুণীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। পরে ৩০ মে শিলাকে আটক করে র‍্যাব-১১।

আরও পড়ুন:

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত

রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, নিখোঁজ বুলবুলের খোঁজ মেলেনি ৫ দিনেও

শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

রায়পুরায় ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত

নরসিংদীতে সারোয়ার হত্যা: আর্থিক বিরোধে খুন, গ্রেপ্তার ২

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী