নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া নামের এক কাঠুরে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে উপজেলার বাঘাবো ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হন আলম মিয়া। পথে প্রতিবেশী রহিজ মেম্বারের বাড়ির পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী মন্তু মিয়ার ছেলে অনিক মিয়ার সঙ্গে গতকাল সোমবার আলম মিয়ার ঝগড়া হয়েছিল। এ সময় অনিক তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।