প্রধানমন্ত্রী ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রেললাইনের পাশে ২৫০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মেথিকান্দা-আশারামপুর এলাকার প্রায় দুই কিলোমিটার রেললাইনের পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল।
এ সময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, নওগাঁর গুঘুডাঙা সড়ক তালগাছের জন্য যেমন বিখ্যাত হয়েছে, তেমনি রায়পুরাকেও তালগাছের জন্য বিখ্যাত করে তোলার চেষ্টা করা হবে। এ বছর প্রণোদনা কর্মসূচির আওতায় ছয় হাজারের বেশি এবং বিভিন্ন প্রকল্পের অধীনে দেড় হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।
কর্মসূচিতে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেললাইনের পাশে পরিকল্পিতভাবে তালগাছের চারা রোপণের ফলে একদিকে পরিবেশের সৌন্দর্য বাড়বে, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।