হোম > সারা দেশ > নরসিংদী

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

আহত ববি বেগম। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতাকর্মী আলোচিত বৃদ্ধা বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম (৭০) আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মেথিকান্দা রেলস্টেশনেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত স্টেশনে তাঁর কক্ষে ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নেয়। হামলার সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এতে তাঁর মুখমণ্ডল, চোখের নিচে রক্তাক্ত জমাট ক্ষত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া জখমের চিহ্ন দেখা যায়।

ঘটনার পর তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পাশে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মেথিকান্দা রেলস্টেশনে এসে আর ফিরে যাননি বুবি বেগম। স্টেশনটিই হয়ে ওঠে তাঁর স্থায়ী ঠিকানা। কোনো বেতন-ভাতা ছাড়াই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম, শৌচাগার ও স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন তিনি। মানবিক কারণে স্টেশন কর্তৃপক্ষ তাঁকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। যাত্রী ও স্থানীয় মানুষের দেওয়া সামান্য সহায়তায় চলত তাঁর জীবন।

মেথিকান্দা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শামিম বলেন, ‘ওই দিন রাতে দুর্বৃত্তরা মেরে তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা নিয়ে যায়। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে না পারলেও ইশারায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করি। উনারা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ওই বৃদ্ধা মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

রেলস্টেশনের বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে কিলঘুষি, ভিক্ষা করে জমানো টাকা লুট

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে গ্রাম থেকে শহরে মাদকের ভয়াবহ বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাই

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার