হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর রায়পুরা: সেচপাম্পের ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

হারুনূর রশিদ, রায়পুরা (নরসিংদী)

সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ায় ১৬ দিন ধরে জমিতে সেচ দেওয়া বন্ধ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৬ দিন ধরে এতে প্রায় ২০০ বিঘা জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। আমনের মৌসুমে জমিতে পানি দিতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। দ্রুত ট্রান্সফরমার দুটি প্রতিস্থাপন এবং চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

এর আগে গত ২৫ জুলাই রাতে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর পশ্চিমপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। গত ২৮ জুলাই এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেছেন সেচপাম্পের অপারেটর ও স্থানীয় কৃষক মো. ফেরদৌস ভূঁইয়া।

জানা গেছে, ২০১৮ সাল থেকে সেচকাজ পরিচালনার জন্য ওই এলাকায় তিনটি ট্রান্সফরমার স্থাপন করা হয়। এসব ট্রান্সফরমারের মাধ্যমে স্থানীয় কৃষকেরা জমিতে সেচ দিয়ে আসছেন। গত ২৫ জুলাই বিকেলেও ফেরদৌস ভূঁইয়া তিনটি ট্রান্সফরমার যথাস্থানে দেখতে পান। পরদিন ২৬ জুলাই সকালে তিনি দেখতে পান, তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি আছে, বাকি দুটি নেই। চুরি যাওয়া দুটি ট্রান্সফরমারের বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। ট্রান্সফরমার দুটি চুরি যাওয়ার পর এলাকার সেচব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে আমন ধানের জমিতে সময়মতো প্রয়োজনীয় পানি দিতে না পেরে কৃষকেরা উদ্বেগে আছেন।

স্থানীয় কৃষকেরা জানান, এ এলাকার বিপুলসংখ্যক কৃষক সেচের জন্য ওই পাম্পের ওপর নির্ভরশীল। ট্রান্সফরমার না থাকায় জমিতে সেচ দিতে না পারলে আমন ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

কৃষক রাসেল মিয়া বলেন, ‘ট্রান্সফরমার চুরি যাওয়ায় সেচ বন্ধ হয়ে গেছে। এখন বৃষ্টিও হচ্ছে, কিন্তু শুধু এই বৃষ্টির পানিতে সময়মতো আমন ধান রোপণ করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক কৃষক জমি প্রস্তুত করেও ধান রোপণ করতে পারছেন না। নতুন ট্রান্সফরমার কিনতে অনেক টাকা প্রয়োজন, যা আমাদের মতো সাধারণ কৃষকদের পক্ষে একসঙ্গে বহন করা সম্ভব নয়।’

কৃষক সাইফুল ইসলাম বলেন, এর আগেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বারবার এভাবে সেচপাম্পের মালামাল চুরি হলে কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

সেচপাম্পের অপারেটর ফেরদৌস ভূঁইয়া বলেন, ট্রান্সফরমার দুটি না থাকায় কৃষকেরা জমিতে পানি দিতে পারছেন না। এতে প্রায় ২০০ বিঘা জমির চাষিরা সমস্যায় পড়েছেন।

রায়পুরা থানার এসআই সোহরাব হোসেন বলেন, পাম্পের গার্ডসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পল্লী বিদ্যুৎ চরসুবুদ্ধি সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোহাম্মদ আব্দুল কাইউম বলেন, ‘গ্রাহকদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ট্রান্সফরমারের মালিক বিএডিসি। গ্রাহকেরা বিএডিসির কাছে ট্রান্সফরমারের জন্য আবেদন করে নিয়ে এলে আমরা সেটি স্থাপন করে দেব।’

বিএডিসি নরসিংদী অঞ্চলের সহকারী প্রকৌশলী সুদেব কর্মকার বলেন, বিএডিসির নীতিমালা অনুযায়ী, সেচ প্রকল্পের যন্ত্রপাতি একবারই কৃষক গ্রুপকে দেওয়া হয়। এরপর এগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব কৃষকদের। চুরি বা হারিয়ে গেলে তা কৃষকদের নিজেদের খরচে প্রতিস্থাপন করতে হয়। আগে সেচের ভাড়ার ২০-৩০ শতাংশ অর্থ মেরামতে ব্যয়ের সুযোগ ছিল, তবে দুই বছর ধরে সেটিও নেই। চুরি হওয়া ট্রান্সফরমারের জন্য কেন্দ্রীয় বরাদ্দেরও সুযোগ নেই।

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

শতভাগ জিপিএ-৫ নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে

ঘরে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় বিএডিসির সেচপাম্পের ২ ট্রান্সফরমার চুরি, ২০০ বিঘা জমিতে সেচ বন্ধ

জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করতে পারে না কেউ: খায়রুল কবির খোকন

পাকা আউশ রক্ষায় বাবুই-চড়ুই সামলাতে চাষির লড়াই

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

চাঁদা না পেয়ে নির্মাণকাজে বাধা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারণ: চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় আহত ১০, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ