হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

আজ ভোর থেকে সকাল সাড় ১০টা পর্যন্ত উপজেলার চরাঞ্চলের নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার চরাঞ্চলের নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন গ্রুপ ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত অনিক দড়িগাঁ পূর্বপাড়া এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে দীর্ঘদিন ধরে আলাল মুন্সি ও জবা মেম্বারের অনুসারীরা এলাকা থেকে দূরে ছিলেন। মঙ্গলবার ভোরে তাঁরা স্পিডবোটে ভাড়াটে অস্ত্রধারীদের নিয়ে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করে নাজিম উদ্দিন গ্রুপের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এরপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষটি হরিপুর ও দড়িগাঁ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভোর থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েক দফায় চলে। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বকুল মিয়ার ছেলে রাজু (২৮) ও অহিদ মিয়ার ছেলে মোস্তফা (৬০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুয়েতপ্রবাসী মামুন মিয়া (২৫) নিহত হন। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের মতে, পুরোনো বিরোধের জের ধরেই মঙ্গলবারের এ সহিংস ঘটনা ঘটেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন