হোম > সারা দেশ > নরসিংদী

একটি গোষ্ঠী ফেসবুক-সংবাদপত্রের স্বাধীনতার সুযোগে মিথ্যাচার চালাচ্ছে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি

পলাশ উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

আজ শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এ দেশে সরকারে এসেছে। কোনো ভুয়া ভোটে নয়।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, দেশে গুটিকয়েক লোক মিথ্যা আর ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।