নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এক নারীর বাসা থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ফতুল্লা থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুজন সোর্স নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের জন্য সুমা আক্তারের বাড়িতে যান। ওই সময়ে তাঁরা ওই নারীর গয়না চুরি করেন। ওই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারের পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়। পুলিশ এই ঘটনায় এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এসআই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে ২ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় এক বাড়িতে সোর্স নিয়ে সাদাপোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময়ে দুই সোর্সসহ দুই পুলিশকে গণপিটুনি দেয় লোকজন। এরপর জরুরি নম্বরে থানায় ফোন করলে পুলিশ গিয়ে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।