নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ছয় দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে বন্দরের তালতলা এলাকায় ডোবায় অর্ধগলিত মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারের পর পরিবারের সদস্যরা মাছুমের মরদেহ শনাক্ত করেন।
নিহত মাসুম উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
নিহত মাসুমের স্ত্রী সুমা আক্তার জানান, সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থানায় জিডি করা হলেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। সুমা আক্তার দাবি করেন, শত্রুতার জেরে মাসুমকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপর তাঁকে মোটরসাইকেলে অপহরণের পর কুপিয়ে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপপরিদর্শক রাজীব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।