হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের ৬ লাখ টাকা জরিমানা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে সোনারগাঁ-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো বৈশাখী রেস্টুরেন্ট, শিকদার ডাইন ও ঈশাখা মিষ্টি ঘর। তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। এ কারণে সংশ্লিষ্ট আইনে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রান্না ও খাদ্য সংরক্ষণের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন এবং সোনারগাঁ থানার পুলিশের একটি দল।