হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর মিলল বাবার মরদেহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রতনপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলারডুবির ঘটনায় হেলাল উদ্দিনের মরদেহ নিখোঁজের চার দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে তাঁর তিন ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে উপজেলার রতনপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ মারীখালী নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনেরা মরদেহ শনাক্ত করার পর তা তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ জন যাত্রী গরু-ছাগল নিয়ে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে যাচ্ছিলেন। পথে নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

দুর্ঘটনার সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এ সময় একই পরিবারের আরও চারজন নিখোঁজ ছিলেন।

গত শনিবার ভোরে মেঘনা নদী থেকে হেলাল উদ্দিনের বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।