নড়াইলের লোহাগড়ায় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নিহত শিক্ষার্থীর ছোট বোন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার (১২)।
রোববার (৫ জুলাই) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সেতু এবং আহত মিতু কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার মেয়ে। তারা দুজন স্থানীয় বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় এ সব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হাফিজুর মোল্যার দুই মেয়ে রাতের খাবার খেয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতঘরে গিয়ে পড়ে। এ সময় ট্রাকে থাকা পাথর সেতু ও মিতুর গায়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। মিতুকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় জানান, ‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’