হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি 

অভিযুক্ত রবিউলের বিচার দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম সিকদার ওরফে রবি সিকদারকে (৩২) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু অভিযুক্ত রবিউলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘৫ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অপরাধীকে ধরতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়েছে। ঘটনার পর অভিযুক্ত রবিউলের কাছে মোবাইল ফোন ছিল না। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাঁকে শনাক্ত করতে। তদন্তের পর তাঁর বিরুদ্ধে দ্রুততম সময়ে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে। রবিউলের সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশের পক্ষ থেকে যত ধরনের আইনগত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। আশা করছি, তাঁর সর্বোচ্চ শাস্তি হবে।’

ডিআইজি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে অভিযুক্ত রবিউল সিকদারের ফাঁসির দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা বৃষ্টির মধ্যে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নড়াইল-মাইজপাড়া-মাগুরা সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা।

একই দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নড়াইল-লোহাগড়া-ঢাকা মহাসড়কের সদর উপজেলার দত্তপাড়া এলাকায় অবরোধ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিকেল ৩টার দিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

অভিযুক্ত রবিউলের বিচার দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

অবরোধস্থলে পুলিশ সুপার, সদর ইউএনও টি এম রাহসিন কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। অভিযুক্ত হিসেবে আতিয়ার সিকদারের ছেলে ও রাজমিস্ত্রি রবিউল সিকদারের নাম আসে। ঘটনার পর তিনি পালিয়ে যান।

নিহত শিশুর চাচা বলেন, গতকাল বিকেলে মেয়ের বাবা স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। শিশুটি সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় রবিউল সিকদার তাঁদের বাড়িতে ডেকে নেয় মেয়েকে। ঘণ্টাখানেক পরও মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রবিউল সিকদারের ঘরের মেঝে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, রবিউল একাই তাঁর ঘরে থাকতেন। বিবাহিত হলেও অনেক দিন ধরে তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিল না।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ আকবার বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু

নড়াইলে টিকটকে আসক্ত থাকার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী আটক