হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সড়কে গেল সওজ প্রকৌশলীর প্রাণ, ৭ বছরের শিশুকন্যা আশঙ্কাজনক

নওগাঁ প্রতিনিধি

নিহত প্রকৌশলী মো. রাশেদুজ্জামান। ছবি: সংগৃহীত

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাত বছরের শিশুকন্যা গুরুতর আহত হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে অটোরিকশাযোগে মহাদেবপুরের উদ্দেশে রওনা হন রাশেদুজ্জামান। পথিমধ্যে হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রাশেদুজ্জামান। এ সময় তাঁর মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। তবে তাঁর স্ত্রী সুস্থ রয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে নওগাঁ সওজ-এর নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, ‘রাশেদুজ্জামান অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তাঁর এ অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।