নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল পড়ে থাকার খবর পেয়ে এসআরবি-৫-এর সদস্যরা অভিযান চালান। এ সময় একটি জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করে সেগুলো জব্দ করা হয়। পরে ককটেলগুলো থানায় জমা দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা ককটেলগুলো তাজা কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল আসবে।