হোম > সারা দেশ > নওগাঁ

এলজিইডির কর্মচারীকে ‘হানি ট্র্যাপে’ ফেলে আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়, গ্রেপ্তার ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

‘হানি ট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মান্দায় এলজিইডির এক কার্যসহকারীকে ‘হানি ট্র্যাপে’ ফেলে আপত্তিকর ভিডিও করে টাকা আদায়ের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। এর আগে গতকাল রোববার পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।

গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার কুসুম্বা গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে কনক কুমার (৩০), কুসুম্বা দক্ষিণপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) ও বড়পই গ্রামের তছির আলীর মেয়ে তানজিমা খাতুন (৪৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে উপজেলার কুসুম্বা মসজিদের কাছে এলজিইডির ওই কর্মচারীকে ডেকে নেন কয়েকজন ব্যক্তি। সেখান থেকে চা খাওয়ানোর কথা বলে তাঁকে একটি টিনশেড ঘরে নেওয়া হয়। চা খেয়ে অসুস্থ অনুভব করলে তাঁকে একটি কক্ষে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই কক্ষে আপত্তিকর অবস্থায় এক নারী ভুক্তভোগী কর্মচারীকে জড়িয়ে ধরার চেষ্টা করলে সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এক ব্যক্তি। একপর্যায়ে তাঁকে মারধর করে পোশাক খুলে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করা হয়।

ভুক্তভোগী এলজিইডি কর্মচারী বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা প্রথমে আমার কাছ থেকে ১১ হাজার ৯০০ টাকা কেড়ে নেয়। পরে ব্যাংকের চেকে আরও ১ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়। আরেকটি চেকে টাকার অঙ্ক ফাঁকা রেখে আমার স্বাক্ষর নেওয়া হয়। গতকাল রোববার ওই চেক দিয়ে টাকা উত্তোলনের জন্য মান্দা উপজেলার সতিহাটে অগ্রণী ব্যাংকের শাখায় যান অভিযুক্তরা। তবে এর আগেই আমি ব্যাংকে যোগাযোগ করে আমার হিসাবের লেনদেন বন্ধ রাখার ব্যবস্থা করি। ফলে টাকা তুলতে না পেরে অভিযুক্তরা ব্যাংকের শাখায় অপেক্ষা করছিলেন।’

ওসি খোরশেদ আলম জানান, ব্যাংকের শাখায় অপেক্ষায় থাকা অভিযুক্ত কনক কুমার ও সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমা খাতুনকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের আজ আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামি ও তাঁদের সহযোগীরা গত শুক্রবারও ফয়জুল মোল্লা নামের এক ব্যক্তিকে একই কায়দায় হানি ট্র্যাপে ফেলে ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেন।

১৩ প্রাণের শোকে স্তব্ধ নওগাঁ, কান্না থামছে না স্বজনদের

‘পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, দেশে ফিরে বিয়ে করার কথা ছিল মোহনের

সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জনই নওগাঁর

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর ১০ জনের মৃত্যু

সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু

মায়ের কোল ফিরে পেয়ে বিশ্বজয়ের হাসি লামিয়ার মুখে

নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

নওগাঁর মান্দায় বৃদ্ধকে ইটভাটায় নিয়ে নির্যাতনের অভিযোগ, অস্বীকার ভাটামালিকের

নওগাঁর বদলগাছী: সড়ক নির্মাণে অনিয়ম ৫০ মিটার অংশ বাদ

বদলগাছীতে সড়ক নির্মাণে অনিয়ম, ৫০ মিটার অংশ বাদ