হোম > সারা দেশ > নওগাঁ

মায়ের কোল ফিরে পেয়ে বিশ্বজয়ের হাসি লামিয়ার মুখে

 নওগাঁ প্রতিনিধি

মায়ের কোল ফিরে পেয়ে বিশ্বজয়ের হাসি লামিয়ার মুখে। ছবি: আজকের পত্রিকা

যৌতুকের দাবিতে দিনের পর দিন নির্যাতন করেও ক্ষান্ত হয়নি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এক পর্যায়ে দুই বছরের শিশুটিকে কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় গৃহবধূ চাঁদনী খাতুনকে (২২)। দীর্ঘ ১৯ দিন পর অবশেষে আদালতের মাধ্যমে শিশুটিকে নিজের কোলে ফিরে পেলেন মা। শিশুটিও যেন মাকে পেয়ে ফিরে পেল তার হারানো পৃথিবী!

নওগাঁর মান্দা আমলি আদালত নং-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালমান আহমেদ শুভ’র আদালতের মাধ্যমে ১৯ দিন পর দুই বছরের শিশু লামিয়াকে ফিরে পেয়েছেন তার মা চাঁদনী খাতুন। আজ রোববার দুপুরে আদালতে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাসেল মাহমুদের (২৭) সঙ্গে একই উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামের চাঁন মিয়ার মেয়ে চাঁদনী খাতুনের (২২) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় ঘর সাজানোর জন্য জামাইকে প্রায় দেড় লাখ টাকার সাংসারিক জিনিসপত্র উপহার হিসেবে দেওয়া হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছরের এক মেয়ে লামিয়া রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে চাঁদনী খাতুনকে বিভিন্ন সময় স্বামী রাসেল মাহমুদ ও শ্বশুর-শাশুড়ি নির্যাতন ও মারধর করতেন। গত ২০ জুলাই আবারও যৌতুকের টাকার জন্য তাঁকে মারধর করা হয় এবং লোহার রড আগুনে গরম করে তাঁর ডান হাতে জখম করা হয়। এ সময় তাঁর শিশু সন্তানকে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে যান।

ঘটনার এক সপ্তাহ পর চাঁদনীর বাবা চাঁন মিয়া ঘর-সংসার টিকিয়ে রাখার উদ্দেশ্যে জামাইয়ের পরিবারকে আসার অনুরোধ করেন। পরে রাসেল মাহমুদ তার বাবা-মাসহ কয়েকজনকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে ২ লাখ টাকা ছাড়া সংসার করবেন না বলে জানিয়ে দেন রাসেল।

চাঁদনী খাতুন মান্দা থানায় মামলা করতে গেলে থানা থেকে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে গত ৩০ জুলাই স্বামীর বিরুদ্ধে মান্দা আমলি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।

চাঁদনী বলেন, ‘গত ২০ জুলাই বাচ্চাকে কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর কয়েকবার বাচ্চাকে নেওয়ার জন্য আমার বাবা-মা স্বামীর বাড়িতে গেলেও তাঁরা দেখা করতে দেয়নি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হতে হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে আদালতে আসি। আদালতের কাঠগড়ায় ওঠার আগ পর্যন্ত বাচ্চার সঙ্গে আমার দেখা হয়নি। দীর্ঘ ১৯ দিন পর আদালতের মাধ্যমে দুপুর ১টার দিকে বাচ্চাকে ফিরে পেলাম। তবে আমি স্বামীর সংসার করতে চাই। কিন্তু যৌতুকের কারণে হয়তো তা সম্ভব হবে না। বাবা-মা গরিব মানুষ। এত টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব না।’

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম (জাকির) বলেন, ‘মামলার তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে আসামিকে আটক করা হবে।’

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর ১০ জনের মৃত্যু

সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু

নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

নওগাঁর মান্দায় বৃদ্ধকে ইটভাটায় নিয়ে নির্যাতনের অভিযোগ, অস্বীকার ভাটামালিকের

নওগাঁর বদলগাছী: সড়ক নির্মাণে অনিয়ম ৫০ মিটার অংশ বাদ

বদলগাছীতে সড়ক নির্মাণে অনিয়ম, ৫০ মিটার অংশ বাদ

নিয়ামতপুরে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় শিক্ষার্থীদের মারধর, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

নওগাঁর আত্রাই: ভবন ঝুঁকিপূর্ণ, ত্রিপল টানিয়ে পাঠদান