হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার, পরিবারের ধারণা ‘ঋণের চাপে আত্মহত্যা’

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর গিতা রাণী নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে গিতা রাণীর পরিবারের ধারণা, ঋণের চাপে পড়ে তিনি আত্মহত্যা করেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার বলরামচক গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃদ্ধা গিতা রাণী (৬৫) ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী।

বৃদ্ধার ছেলে মানিক কবিরাজ জানান, গত সোমবার সকালে তাঁর মা গিতা রাণী নিখোঁজ হন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির অদূরে পরিত্যক্ত একটি ঘরে তাঁর লাশ ঝুলতে দেখেন প্রতিবেশীরা।

মানিক আরও জানান, তাঁর মা–বাবা বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সামর্থ্য না থাকায় কিস্তি এবং দেনাদারদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। মাঝে মাঝে ঋণের চাপে মা–বাবা পালিয়ে বেড়াতেন। টাকা লেনদেন ছাড়া কারও সঙ্গে তাঁদের বিরোধ ছিল না। মানিকের ধারণা, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অতিরিক্ত চাপে পড়ে তাঁর মা আত্মহত্যা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঋণের চাপে পড়ে গিতা রাণী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।