হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

মাদকসহ আটক ইসাহাক আলী। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইসাহাক আলী (৬৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিমদীঘি এলাকায় মাদকের একটি বড় চালান পাচারের তথ্য গোপন সূত্রে পায় পুলিশ। পরে থানার একটি বিশেষ দল ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ইসাহাক আলী তাঁর কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।