হোম > সারা দেশ > নওগাঁ

মহাদেবপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুকিদ ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকিদ বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের কাছে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ভবনটির সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ট্যাংকটির কোনো ঢাকনা ছিল না।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খেলার সময় সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’