নওগাঁর বদলগাছীতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশে তাঁকে উপজেলার কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জগদ্বীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ আদেশ জারি করে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশসংবলিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মো. শহিদুল ইসলামকে জগদ্বীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হলো। এ সংযুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। সংযুক্ত শিক্ষককে আগামীকাল (আজ ১১ নভেম্বর) বিকেলে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এর আগে গত শনিবার (৭ নভেম্বর) উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষক শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলেন ওই শিক্ষক। পরে বিদ্যালয়ের অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেন তিনি। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে শিশুরা। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুও কেটে দেওয়ার অভিযোগ করেন অভিভাবকেরা।
শিক্ষার্থীদের চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে অন্য বিদ্যালয়ে সরানো হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে আপনাদের জানানো হবে।’