নওগাঁর মহাদেবপুরে যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ দুপুরে তিনি উপজেলার পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সর্বশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদুর রহমান মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।