হোম > সারা দেশ > নওগাঁ

জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর বদলগাছীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং কোলা ইউনিয়নের কাজি। তবে এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ অনুযায়ী, গতকাল সোমবার (৩ আগস্ট) সকালে বদলগাছী উপজেলার ভান্ডারপুর এলাকার আলফা কিন্ডারগার্টেন স্কুলে ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন বিক্ষোভে অংশ নিয়ে বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সময় এক স্কুলছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তাকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ। তবে ছাত্রীটি নিজেকে ছাড়িয়ে সেখান থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এর পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা হতবাক হয়েছি। অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর চারমাথা এলাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, ‘একজন শিক্ষকের কাছে যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকে, তাহলে অভিভাবকেরা সন্তানদের কোথায় নিরাপদ ভাববেন?’

অভিযুক্ত শফিউল হাসান দিপুর বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাট জেলা জামায়াতের আমির মো. ফজলুর সাঈদের কাছে ধর্ষণচেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি জেনেছি, আমার কাছে মনে হয়েছে এটি ষড়যন্ত্র। আমরা তদন্ত করছি। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা, এটা অন্যায়।’

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগের পর তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও ইশরাত জাহান সনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা