হোম > সারা দেশ > নওগাঁ

‘অক্সিজেনের অভাবে’ রোগীর মৃত্যু, স্বজন-নার্সদের পাল্টাপাল্টি কর্মসূচি

 নওগাঁ প্রতিনিধি

হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হয়েছে। একই ঘটনায় হাসপাতালের নার্সদের হেনস্তা, প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়।

আজ রোববার শহরের মুক্তির মোড়ে ‘নওগাঁ নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে এনসিপির জেলা কমিটির সদস্যসচিব খন্দকার তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, বাসদের জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার সুজন কুমার মণ্ডল নামের এক ব্যক্তি তাঁর মাকে হাসপাতালে ভর্তি করান। ভর্তির পরে বলা হয় রোগীকে রক্ত দিতে হবে। সন্ধ্যার আগে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। তখন নার্সদের ডেকে আনলে কেবিনে যে অক্সিজেন লাইন রয়েছে, তা রোগীকে পরিয়ে দেন তাঁরা।

অক্সিজেন মাস্ক লাগানোর ১৫-২০ মিনিট পেরিয়ে গেলেও রোগীর অস্থিরতা কাটে না। তখন রোগীর লোকজন মাস্ক খুলে দেখেন, সেটিতে কোনো অক্সিজেন আসছে না। বিষয়টি নার্সদের জানানোর পরেও তাঁরা গল্পগুজবে মেতে থাকেন। একপর্যায়ে ৪০-৪৫ মিনিট ছটফট করার পরে রোগীর মৃত্যু হয়।

বক্তারা আরও বলেন, অক্সিজেন-সংকটের নামে রোগী হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। দায়িত্বে অবহেলাকারী নার্স ও হাসপাতাল স্টাফদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে বহিরাগত প্রভাব ও দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নিতে হবে। হাসপাতালকে দুর্নীতিমুক্ত ও সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে এ ঘটনায় নার্সদের হেনস্তা, প্রাণনাশের হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের বিচারের দাবিতে বেলা ১১টার দিকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে নার্স, ইন্টার্ন নার্স ও ছাত্রছাত্রীদের মানববন্ধন হয়।

হাসপাতালে নার্সদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের সিনিয়র স্টাফ নার্স ও ইন্টার্ন নার্সরা ডিউটিরত অবস্থায় ছিলেন। রোগীর যা যা চিকিৎসার প্রয়োজন, সকল চিকিৎসা দেওয়ার পরেও রোগীর অবস্থা খারাপ হয় এবং রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ইস্যুকে কেন্দ্র করে এনসিপির নাম ভাঙিয়ে মাহবুব হাসান সোহাগ নামের একজন আমাদের ওপর হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

‘আমাদের একজন ইন্টার্ন নার্সের গায়ে হাত তোলে এবং তাকে মারধর করে। আমাদের মেয়ে নার্সদের মারধর করার জন্য আসে। বহিরাগত লোকজন এনে হাসপাতালে মব সৃষ্টি করে আমাদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে। আমরা নিরাপত্তাঝুঁকিতে রয়েছি। আমরা অবিলম্বে এ ঘটনায় সোহাগের বিচার চাই।’

মারধরের শিকার ইন্টার্ন নার্স ইয়ামিন হাসান বলেন, ‘মাগরিবের নামাজ পড়ে ওপরে এসে দেখি, কেবিনে অনেক হইচই হচ্ছে। সোহাগ নামের একজন এনসিপির নেতা আমাদের সিনিয়র নার্সদের অকথ্য ভাষায় বকাঝকা করছিলেন। এ সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হই। তখন তিনি আমাকে হাত ধরে ৮০৮ নম্বর কেবিনে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সিনিয়র স্টাফ নার্স শবনম মুস্তারি বলেন, ‘আমাদের সেবার স্থানের সুস্থ একটা পরিবেশ চাই। নিরাপত্তার সঙ্গে আমরা ডিউটি পালন করতে চাই। কেউ আমাদের এসে মারধর করবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে, এভাবে তো আমরা সেবা দিতে পারব না। এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব।’

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আ ম আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ঘটনার সঠিক কারণ বলা যাবে। তদন্তে কারও বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

রাণীনগরে ধানখেতে ছড়িয়ে পড়ছে পাতা ঝলসানো রোগ, ওষুধ ছিটিয়েও মিলছে না রেহাই

প্লাটিনাম কয়েনের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, মোটরসাইকেলচালক গ্রেপ্তার

ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও ধীর গতির অভিযোগ

মান্দায় স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

বদলগাছীতে সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ

সড়কে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেপ্তার