হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

 নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রনাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হামলায় জড়িত থাকার অভিযোগে ওসমান গনি নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আনিছুর রহমান ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং অপর পক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) এবং তাঁর দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। আটক ওসমান গনি রনাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রনাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ জমি আনিছুর রহমানকে বুঝিয়ে না দিয়ে নজরুল জোরপূর্বক ভোগদখল করে আসছিলেন। পরে স্থানীয় মাতব্বরদের সালিসের মাধ্যমে আনিছুর রহমান প্রায় সাত বিঘা জমি বুঝে পান। এরপর ওই জমিতে ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন তাঁরা।

বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশি অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায় বলে স্থানীয়রা জানান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিছুর রহমানের মৃত্যু হয়। এ সময় উভয় পক্ষের ৯ জন আহত হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনাইল গ্রামের ওসমান গনিকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।