হোম > সারা দেশ > নওগাঁ

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে কথা বলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ‘মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

ফজলে হুদা বাবুল বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাল্যবিবাহের কারণে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। তাই প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংসদ সদস্য উল্লেখ করেন, সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের একটি বিশেষ সম্মান ও ইতিবাচক প্রভাব রয়েছে। জুমার খুতবা এবং সামাজিক অঙ্গনে তারা ধর্মীয় মূল্যবোধ তুলে ধরলে এসব ব্যাধি প্রতিরোধে কার্যকর পরিবর্তন আনা সম্ভব।

ইসলামিক ফাউন্ডেশন বদলগাছী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। তাঁরা মাদক নির্মূল ও বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের করণীয় বিষয়ে আলোকপাত করেন।