খুব সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে স্কুলে রওনা দিয়েছিল প্রথম শ্রেণিতে পড়ুয়া সিয়াম (৭)। কিন্তু তার আর স্কুলে পৌঁছানো হলো না। অবৈধ যান ভটভটির ধাক্কায় স্কুলের সামনেই নিহত হয় ক্ষুদে শিক্ষার্থী।
নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিদ্যালয়সংলগ্ন সড়কে পৌঁছালে হঠাৎ এক ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।