হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

 নওগাঁ প্রতিনিধি

উদ্ধার হওয়া স্বামী-স্ত্রীর মরদেহ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে তাঁরা দুজন ঘুমাতে যান। ভোর ৪টায় নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তাঁরা এসে খাটের ওপর মরদেহ দেখতে পান। স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য মা-বাবার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করায় বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।