হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁর আত্রাই: সড়কের গাইড ওয়াল নির্মাণকাজে অনিয়ম

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার থলওলমা থেকে বিশা ভায়া ভাগসুন্দর পর্যন্ত নির্মাণাধীন গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে। এসব অনিয়ম ধামাচাপা দিয়ে দ্রুত কাজ শেষ করার পাঁয়তারা চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাইড ওয়াল নির্মাণে ইটের গাঁথুনির ওপরে ১৫ ইঞ্চির ঢালাই হওয়ার কথা থাকলেও সেখানে দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চির ঢালাই। এসব কাজে সিমেন্টের পরিমাণ কম এবং নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্প থেকে উপজেলার থলওলমা থেকে বিশা ভায়া ভাগসুন্দর পর্যন্ত ১২৩০ মিটার দৈর্ঘ্যের বিটুমিনাস সড়ক এবং ৪৪৫ মিটার দৈর্ঘ্যের গাইড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। যার চুক্তিমূল্য ১ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৩২২ টাকা। কাজটি পেয়েছে শহরের উকিলপাড়ার মানহা ট্রেডার্স।

তবে সাব-ঠিকাদার হয়ে কাজটি করছেন আত্রাই উপজেলার গোলজার রহমান। কাজটি শুরু হয়েছে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এবং শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে।

কাজের শুরুতেই স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন। তাঁরা জানান, উপজেলার আত্রাই নদীর উত্তর তীরে অবস্থিত থলওলমা, ভাগসুন্দর ও বিশা গ্রাম। এ তিন গ্রামে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের বসবাস। দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় বর্ষায় নদীর পানির চাপে মাটির এ সড়কটি ভেঙে যায়। ভ্যানও ঠিকমতো চলাচল করতে পারে না। কৃষিপণ্য সময়মতো বাজারজাত করা সম্ভব হয় না।

ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। তাঁদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। কিন্তু কাজের শুরু থেকেই গাইড ওয়াল নির্মাণে অনিয়ম করা হয়েছে। এতে নির্মাণের দুই দিনের মাথায় দেখা দেয় ফাটল। এলাকাবাসীর তোপের মুখে ঠিকাদার ফাটল মাটি দিয়ে তড়িঘড়ি করে ঢেকে দেন।

থলওলমা গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান বলেন, ‘রাস্তা হলে আমাদের সুবিধা হবে। কিন্তু যেভাবে বাঁধ (গাইড ওয়াল) তৈরি করা হয়েছে, কোথাও আছে আবার কোথাও নেই। যেখানে বাঁধ নেই বর্ষার সময় নদীতে পানি আসলে সড়ক ধসে পড়বে। এতে সড়কটি আমাদের কোনো কাজে আসবে না। পুরো সড়কটিতে বাঁধ দিলে টেকসই হতো।’

সোলাইমান আলী বলেন, ‘কাজ যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না। ঠিকাদার যখন কাজ শুরু করেন তখন কাজের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম কিন্তু ঠিকাদার কোনো সদুত্তর দেননি। গাইড ওয়াল সঠিক স্থানে করা হয়নি। গাইড ওয়ালের পাশ থেকেই মাটি কাটা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি, কাজটি তদারকি করে যেন সঠিকভাবে তৈরি করা হয়।’ এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, রাস্তাটি নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ থেকে বাস্তবায়ন করা হচ্ছে। বিটুমিনাস কাজ করা হচ্ছে। শিডিউলে বাইরে থেকে মাটি নিয়ে এসে ভরাট ও সাইনবোর্ড তৈরির কোনো বরাদ্দ নেই। যার কারণে পাশ থেকে মাটি কেটে সড়ক তৈরি করা হচ্ছে। তবে এতে সড়কের কোনো সমস্যা হবে না। এ ছাড়া কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি।

ধামইরহাটে ধান কাটার শ্রমিকের সংকট, দুশ্চিন্তায় কৃষক

নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই

নওগাঁয় ২২ মের আগে আম সংগ্রহ করা যাবে না

রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল

নওগাঁয় ৪০ মণের ‘সোনা-মানিক’: দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা

পতিসরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী

নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

নওগাঁর বদলগাছী: ছোট যমুনার বালু লুট ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ আটক ৭