হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে ‘দুর্ঘটনার ফাঁদে’ গণছিনতাই, বেধড়ক পিটুনিতে আহত ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে একই স্থানে ও একই সময়ে একাধিক মোটরসাইকেল থামিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পথচারীদের মারধর করে অন্তত ৮টি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় চার পথচারী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ‘ইসলামের ভিটা’ নামক স্থানে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনিসহ চার বন্ধু দুটি মোটরসাইকেলযোগে আবাদপুকুর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ইসলামের ভিটা এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন তাঁরা। সড়ক দুর্ঘটনা ঘটেছে মনে করে মোটরসাইকেলের গতি কমাতেই হাফপ্যান্ট ও মুখোশ পরা চার ছিনতাইকারী তাদের ওপর ধারালো ছুরি ও লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাদের বেধড়ক পিটিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও চারটি মোবাইল কেড়ে নেওয়া হয়।

সুজন আরও জানান, ওই স্থানে ছিনতাইকারীরা আগে থেকেই আরও কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল।

অন্যদিকে রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ বলেন, তিনি ও একই গ্রামের দুই বন্ধু তৌহিদ ও ইউসুফ হোসেন রাত সোয়া ৯টার দিকে বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ওই এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত মোটরসাইকেলে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তাঁরা মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান এবং মোটরসাইকেলটির সামনের অংশ ভেঙে যায়।

ফয়সাল বলেন, পরে ছিনতাইকারীরা তাঁদের হাসুয়া ও লোহার রড দিয়ে মারধর করে কাছে থাকা টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সড়ক দিয়ে আরেকটি মোটরসাইকেল এলে সেটির চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ফয়সাল আরও বলেন, ছিনতাইকারীরা তাঁদের চলে যেতে বললে তিনি ওই মোটরসাইকেলে লাফ দিয়ে উঠে গ্রামের দিকে চলে যান এবং স্থানীয় লোকজনকে খবর দেন। পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর বন্ধুদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন। তিনি ও তৌহিদ সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ইউসুফের হাত ভেঙে যাওয়ায় এবং মারধরে জখম হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, ছিনতাইকারীরা প্রায় ৮ জন পথচারীর কাছ থেকে মোট ২০-২৫ হাজার টাকা এবং ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।