নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নিভৃত পল্লি চকভবানী। সবুজ-শ্যামল এই গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্বাদশ শতাব্দীর এক অনন্য প্রত্নতাত্ত্বিক ও আধ্যাত্মিক নিদর্শন ‘যোগীর ঘোপ’। প্রায় ৮০০ বছর ধরে নাথ সম্প্রদায়ের সাধনপীঠ হিসেবে পরিচিত এই ঐতিহাসিক স্থাপনা এখন অস্তিত্বসংকটের মুখে। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল এই সাধনপীঠের অধীনে থাকা প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে।
ঐতিহাসিক এই সাধনপীঠ ও এর প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে আজ শনিবার দুপুরে যোগীর ঘোপ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ‘আলো’ সংগঠন ও চকভবানীপুর যোগীর ঘোপ এলাকার বাসিন্দাদের যৌথ উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ও ভুয়া কাগজপত্র বানিয়ে সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে এই ঐতিহ্য চিরতরে হারিয়ে যাবে। মানববন্ধন থেকে অবিলম্বে দেবোত্তর সম্পত্তির অবৈধ দখলচেষ্টা বন্ধ এবং সীমানা নির্ধারণ করে ঐতিহাসিক স্থানটির আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।
অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। তাঁদের দাবি—যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এই প্রাচীন পাদপীঠ।
মানববন্ধনে মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্ত বলেন, ‘পূর্বপুরুষেরা এই সাধনপীঠ তিল তিল করে রক্ষা করে গেছেন। এটি আমাদের ধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। আজ যদি এই সম্পত্তি বেহাত হয়ে যায়, তবে আমাদের পরিচয়টাই মুছে যাবে।’
মানববন্ধনে বক্তব্য দেন মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্ত, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং, নাইস পারভীন ও আজিজুর রহমান স্বপনসহ অনেকে।
সরেজমিনে দেখা যায়, যোগীর ঘোপ প্রাঙ্গণে রয়েছে গোরক্ষনাথ মন্দির, বিমলা দেবীর মন্দির ও শিব মন্দিরসহ বেশ কয়েকটি প্রাচীন স্থাপনা। পাশেই রয়েছে নাথ সম্প্রদায়ের সিদ্ধ সাধকদের সমাধি।
স্থানীয় প্রবীণেরা জানান, যোগীর ঘোপ কেবল একটি সাধারণ উপাসনালয় নয়; এটি নাথধর্মের সাধক-গুরুদের পবিত্র তীর্থক্ষেত্র। প্রতিবছর বাংলা সনের ১০ থেকে ১২ বৈশাখ তিন দিনব্যাপী এখানে ঐতিহ্যবাহী গোরক্ষনাথ ও বিমলা দেবীর মেলা বসে। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, বাউল ও সাধু-সন্ন্যাসীদের পদচারণে তখন মুখর হয়ে ওঠে গ্রাম। তাঁরা আরও জানান, যোগীর ঘোপের নামে প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে। একসময় এই জমির আয় থেকেই মন্দিরের নিত্যপূজা ও দূরদূরান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীদের অতিথিসেবা চলত। কিন্তু সময়ের পরিক্রমায় এই বিশাল সম্পত্তির ওপর স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যু চক্রের নজর পড়েছে। দীর্ঘদিন ধরে জালিয়াতি ও জবরদখলের মাধ্যমে এই সম্পত্তি গ্রাস করার পাঁয়তারা চলছে। সম্প্রতি এই অপচেষ্টা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।