ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। এ ঘটনায় জড়িত ভূমি অফিসের নায়েব আবুল কালামকে সাত দিনের মধ্যে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দপ্তরে সাধারণ তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়ার ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত নায়েব আবুল কালামকে প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন ও তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের বেঁধে রেখে পেটানোর হুমকি দেওয়া নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অভিযুক্ত আবুল কালামকে দ্রুত প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান আজকের পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক অনিক খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া প্রতিবেদক ফরহাদ, কালের কণ্ঠের আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।
তাঁদের অভিযোগ, তথ্য জানতে চাইলে নায়েব আবুল কালাম তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অফিসের মূল ফটক বন্ধ করে আটকে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি।
ঘটনার একটি ভিডিওতে ওই ভূমি কর্মকর্তাকে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ময়মনসিংহের সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।