হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তা আহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। এ সময় পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে মারধরের অভিযোগও উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের আড়াই শতাধিক বাসিন্দা পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ আগস্ট রাতে শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। ট্রান্সফরমার বদলের দাবিতে বারবার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা পিডিবি কার্যালয়ে যান।

বিক্ষোভে অংশ নেওয়া শিমরাইল গ্রামের বাসিন্দা সজীব মিয়া, নূরুল হক, আতিকুল ইসলাম ও জহিরুল ইসলাম অভিযোগ করেন, নতুন ট্রান্সফরমার দেওয়ার কথা বলে পিডিবির আবাসিক প্রকৌশলীকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এক সপ্তাহেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

তাঁরা আরও বলেন, প্রায় এক মাস আগেও গ্রামের ট্রান্সফরমার নষ্ট হয়েছিল। তখন নতুন ট্রান্সফরমারের পরিবর্তে পুরোনো একটি ট্রান্সফরমার দেওয়া হয়। সেটিও কিছুদিন পর নষ্ট হয়ে যায়। বারবার পুরোনো ট্রান্সফরমার দেওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।

এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় পানির সংকট, খাবার সংরক্ষণে সমস্যা, প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

হামলায় আহত পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই বিক্ষুব্ধ লোকজন আমার ওপর হামলা শুরু করেন। ট্রান্সফরমারের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তবে লাইন সংযোগ ও মেরামতের কাজে লাইনম্যানদের কিছু খরচাপাতি সব জায়গায় দেওয়া হয়।’

রেজাউল করিম আরও বলেন, এলাকাবাসী মূলত নতুন ট্রান্সফরমার চেয়েছিলেন। কিন্তু পিডিবিতে ট্রান্সফরমারের সংকট থাকায় পুরোনো একটি ট্রান্সফরমার দেওয়া হয়েছিল। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে হামলা করেছেন।

পিডিবি ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হওয়ার বিষয়টি একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু ট্রান্সফরমারের সংকট থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ট্রান্সফরমার পেতে দেরি হয়েছে।

হামজা ইমাম আরও বলেন, ‘গতকাল রাতেই একটি ট্রান্সফরমার এসেছিল। কিন্তু সেটি পুরোনো হওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অফিসে হামলা ও ভাঙচুর করেন। এতে আমাদের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম আহত হয়েছেন।’

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পিডিবি দ্রুত নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সরে যান। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।