হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে মারামারির ঘটনায় ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে ওই ঘটনার জেরে মামলায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হলো। ঘটনার সূত্রপাত ১৭ এপ্রিল রাতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমবিবিএস ৬১ ব্যাচের শিক্ষার্থী মীর হামিদুর রহমান ও মো. আমানুল্লাহ মুয়াজের মধ্যে মোটরসাইকেলে তেল ভরা নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ উঠেছে, বিবাদের সময় আমানুল্লাহ মুয়াজ মীর হামিদুর রহমানের মাথায় আঘাত করে তাঁকে গুরুতর জখম করেন।

এরপর সাধারণ শিক্ষার্থীরা মুয়াজকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। তবে নাটকীয় মোড় নেয় যখন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নাফিউল ইসলাম নামের এক ছাত্র হাতুড়ি দিয়ে মুয়াজের মাথায় আঘাত করেন। পুলিশ ঘটনাস্থলেই নাফিউলকে আটক করে।

আহত দুই শিক্ষার্থীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মুয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল মুয়াজের বড় ভাই আহমদ শফি বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে প্রথম মামলাটি করেন। তার পাল্টা হিসেবে এবার মীর হামিদুর রহমানের চাচা মীর মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নতুন মামলাটি দায়ের করলেন।

তবে এই মামলায় মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বকে আসামি করায় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নতুন করে আরেকটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আগের মামলায় একজন গ্রেপ্তার থাকলেও নতুন মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্পাস ও ছাত্রাবাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি