হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ময়মনসিংহ প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-ফুলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আলালপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। আহত আটজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত রাজ্জাকের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।