ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসমান প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
নিহতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। পেশায় জুয়েলারি কারিগর নিরঞ্জন স্ত্রী-সন্তান নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার দুপুরে নগরীর বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্থানীয়রা খালের পানিতে প্লাস্টিকের একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে গতকালই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত নিরঞ্জনের মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর মরদেহ ড্রামে ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।