ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে গতকাল বুধবার সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। এরপর আজ বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
ঘটনাটি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
সম্প্রতি বিদ্যালয়ের অফিসকক্ষে তাঁদের ধস্তাধস্তি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বুধবার তদন্তের নির্দেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। তাঁদের এক মেয়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, আফজাল হোসেন ও আসমা বেগম দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।