ময়মনসিংহে পানিতে ডুবে পৃথক স্থানে দুই বোনসহ চার শিশু মারা গেছে। চার জনই কন্যা শিশু। রোববার (৫ জুলাই) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার গৌরীপুরে দুই বোন, গফরগাঁওয়ে এক কন্যা শিশু ও ফুলপুরে এক কন্যা শিশু মারা গেছে।
জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে ওই গ্রামের সুলতান মিয়ার রিয়ামনি (৮) ও ইলমা আক্তার (৪)। তাদের মধ্যে রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয় থেকে রিয়া মনি বাড়ি ফিরে। পরে দুপুর ২টায় ছোট বোন ইলমাকে নিয়ে পুকুরের পাড়ে যায়। পুকুরপাড়ে গেলে ইলমা কাঁদায় পড়ে যায়। কাঁদা ধুঁইতে পুকুরের পানিতে নামলে ছোট বোন ইলমা পানিতে তলিয়ে যেতে থাকে।
এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন রিয়া মনি পানিতে ঝাঁপ দিলে দুজনই ডুবে যায়। বিষয়টি আট বছরের আরেক শিশু সুমাইয়া দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। স্বজনরা তাৎক্ষণিক পুকুরপাড়ে গিয়ে রিয়ামনিকে ভাসতে দেখে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিখোঁজ ছোট বোন ইলমাকে স্থানীয়রা দুই দফা খুঁজেও সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে উদ্ধার করতে না পারায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় পুকুর থেকে ইলমার মরদেহ আনুমানিক সাড়ে ৬টার দিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
দুই সন্তানকে হারিয়ে মা নার্গিস বারবার মূর্ছা যাচ্ছেন আর বিলাপ করে বলছেন, আমার বুকের ধন দুইটা পুকুরের পানিতে ডুবে মারা গেল। রিয়া মনি স্কুল থেকে এসে প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল। ছোটটা পানিতে তলিয়ে যাওয়ার সময় বড় মেয়ে তুলতে গিয়ে সেও ডুবে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব!
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল নিয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন এবং ৪৫ মিনিটের চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
এদিকে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রোববার দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুনতাহা ওই গ্রামের শামছুল আলমের মেয়ে।