হোম > সারা দেশ > ময়মনসিংহ

সম্পত্তি লিখে নেওয়ার পর নির্যাতনের অভিযোগ বৃদ্ধ মায়ের

ময়মনসিংহ প্রতিনিধি

সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা রহিমা খাতুন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে সম্পত্তি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পর ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা রহিমা খাতুন (৮০)।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রহিমা খাতুন অভিযোগ করেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে তাঁর বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও মেয়ের স্বামী হায়দার জাহান ফারাশ বিভিন্ন কৌশলে তাঁর মালিকানাধীন সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে লিখে নেন।

অভিযোগে তিনি আরও বলেন, সম্পত্তি লিখে নেওয়ার পর গত ৫ থেকে ৬ বছর ধরে তাঁর ভরণপোষণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সম্পত্তির দলিল বাতিল, নিজের নিরাপত্তা এবং পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধা রহিমা খাতুন।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ফোন ধরেন নি।